November 21, 2026, 9:01 pm

পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে

পাবনার বেড়ায় বিএনপি-আ.লীগের সংঘর্ষ, রণক্ষেত্র কয়েকটি মহল্লা

পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে চলছিল। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সংঘর্ষের ঘটনায় ভিডিও ধারণ করতে গিয়ে হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয়েছে তাঁর ক্যামেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এ ঘটনার পর বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার জেরে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা বিরাজ করছিল। এ সময় দুই পক্ষের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, সভা শেষে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি-সমর্থিত লোকজন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মী হামলা ও লাঞ্ছনার শিকার হন। তাঁর ক্যামেরাও ভাঙচুর করা হয়।

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা মহল্লায় শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা