November 21, 2026, 8:54 pm

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। ছবি: সংগৃহীত

পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি, টাকা ফেরত ও নিরাপদ যাত্রার আকুতি

ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে দালালের প্রতারণায় হারিয়েছেন বিপুল পরিমাণ টাকা। প্রতারণার শিকার হয়ে হারানো অর্থ ফিরে পাওয়া, জড়িতদের বিচার এবং নিরাপদে বিদেশযাত্রার আকুতি জানিয়ে মহান আল্লাহর কাছে চিঠি লিখেছেন এক বিদেশগামী। সেই চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।

শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলার সময় চিঠিটি পাওয়া যায়।

চিঠিতে ওই ব্যক্তি নিজের ইউরোপ যাত্রা সহজ ও নিরাপদ করার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা-সেবা নিশ্চিত করার প্রার্থনা করেছেন। কোনো বিদেশগামী যেন দালালের প্রতারণার শিকার না হন, সেই আকুতিও তুলে ধরেছেন চিঠিতে।

প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎকারীদের উপযুক্ত বিচার ও হেদায়েত কামনা করেছেন তিনি। একই সঙ্গে তার মতো প্রতারণার শিকার হয়ে আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়, সে প্রার্থনাও করেছেন।

এ ছাড়া প্রতারণায় হারানো টাকার শোক ও কষ্ট থেকে মুক্তি, ধৈর্য, মানসিক শান্তি এবং হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন ওই ব্যক্তি। চিঠির শেষে নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে।

এদিকে, শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। এ সময় পাওয়া যায় ৫১ বস্তা টাকা। এর মধ্যে রয়েছে ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাংক। দানবাক্সগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ায় আগের তিনটি অস্থায়ী ট্রাংকের সঙ্গে নতুন করে আরও দুটি ট্রাংক যুক্ত করা হয়েছিল। বর্তমানে এসব টাকা গণনার কাজ চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা