November 17, 2026, 12:13 am

রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে করা মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজিরা করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চত করে বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক পুলিশ কর্মকর্তা বলেন, এজাহারে উল্লেখ করা হয়েছে, এসপি জাহাংগীর তার মুঠোফোন থেকে একটি বার্তা পাঠান। সেখানে লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার…।’
মঙ্গলবার ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এসপি জাহাংগীরকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন জাহাংগীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
পরে, শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।
রোববার বিকেলে কঠোর নিরাপত্তার মধ্যে জাহাংগীরকে আদালতে নেওয়া হয়। এ সময় তার হাতে হাতকড়া এবং মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। রিমান্ড শুনানির পর কড়া নিরাপত্তায় তাকে আদালত থেকে নিয়ে যাওয়া হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা