জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর সামান্তা শারমিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন।
পোস্টে মাহফুজ আলম বলেন, ছয় সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন ও বিস্তারে যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাদের নিয়ে নোংরামি ও অপপ্রচার একটি বাজে নজির। দল গঠনের শুরু থেকেই এ ধরনের চর্চা চলে আসছে। গতকালও সামান্তা শারমিনকে নিয়ে একই ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, লিয়াজোঁ কমিটি ও নাগরিক কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিরা না থাকলে এত দ্রুত একটি দল গড়ে তোলা সম্ভব হতো না। যারা দলের ভিত গড়ে দিয়ে জোটের কারণে চলে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তারা দিনরাত পরিশ্রম করেছেন বলেই দলটি একটি কাঠামো পেয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার স্বার্থে নীরব থাকার আহ্বান জানান তিনি।
সম্প্রতি সামান্তা শারমিনের বাসা থেকে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি তার নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
এদিকে গত ২৩ অক্টোবর এনসিপির নতুন কমিটি ঘোষণার পর সামান্তা শারমিনকে শুধু যুগ্ম আহ্বায়কের পদে রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেসবুক পোস্টের মাধ্যমে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।