November 1, 2026, 10:01 am

‘বিএনপি মুনাফেকের দল, জন্মগতভাবেই প্রতারণা করেছে’: শিবির সভাপতি

বিএনপিকে ‘মুনাফেকের দল’ আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে জাতি, রাষ্ট্র ও জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ১৯৯০-৯১ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি ছিল অন্যতম প্রধান বিষয়। বিএনপি এ প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন করলেও ক্ষমতায় যাওয়ার পর পাঁচ বছরে এ-সংক্রান্ত কোনো বিল উত্থাপন করেনি। পরে গণ-আন্দোলনের মুখে ১৯৯৬ সালে বিল উত্থাপন করে ১৮ দিনের মাথায় নির্বাচন দেয়। ওই নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে দেওয়া জনগণের রায় উপেক্ষা করে দেশকে পুরোনো ফ্যাসিবাদী কাঠামোয় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

শিবির সভাপতি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদ মুগ্ধ ও আবু সাঈদের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে অবমূল্যায়ন করা যাবে না। জনগণের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বন্ধ না করলে এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার না হলে কঠোর গণপ্রতিরোধের মুখে পড়তে হবে।

নুরুল ইসলামের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারে গড়িমসি করা হচ্ছে। পাশাপাশি পিএসসি সদস্যদের পদত্যাগে বাধ্য করা এবং দলীয় নেতাকর্মীদের পুনর্বহালের মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ না হলে জনগণ এর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা