November 3, 2026, 6:35 am

অক্টোবরে ২৪০ নারী ও শিশু নির্যাতনের শিকার, ধর্ষণের ঘটনা ৫১

চলতি বছরের অক্টোবর মাসে দেশে ২৪০ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এ সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন। বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

রোববার (২ নভেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক প্রতিবেদনে অক্টোবর মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের এ পরিসংখ্যান প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে ধর্ষণের শিকার ৫১ জনের মধ্যে ৩৪ জন কন্যাশিশু এবং ১৭ জন নারী। তাঁদের মধ্যে ১৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে। এ ছাড়া ২১ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একই সময়ে বিভিন্ন কারণে ৪২ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন কন্যাশিশু। এ ছাড়া ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছেন ২৩ জন এবং আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়েছেন সাতজন।

অক্টোবরে যৌন সহিংসতার শিকার হয়েছেন ২১ জন। তাঁদের মধ্যে নয়জন যৌন নিপীড়ন এবং নয়জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। সাইবার সহিংসতার শিকার হয়েছেন তিনজন। এ ছাড়া একজন অ্যাসিডদগ্ধ এবং চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন সাতজন নারী। তাঁদের মধ্যে ছয়জনকে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় দুজন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া আরও আটজন নারী ও কন্যাশিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

এ সময়ে ছয়জন কন্যাশিশু অপহরণের শিকার হয়েছে। অপহরণের চেষ্টা করা হয়েছে ২১ জনকে। এ ছাড়া দুইজন পাচারের শিকার হয়েছেন।

নারী ও কন্যাশিশু নির্যাতনের এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা