পাবনা সদর উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ওই মহিলা মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মাদ্রাসার ১৭ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে শিক্ষক আবু ইউসুফের বিরুদ্ধে। এ সময় নিজেকে রক্ষায় গভীর রাতে মাদ্রাসা থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় ওই ছাত্রী। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার রাতেই স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এর পর শুক্রবার সকালে বিক্ষুব্ধ লোকজন মাদ্রাসায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটিও তদন্ত করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।