October 17, 2026, 8:13 pm

হুথিদের সঙ্গে সৌদির আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে রাজনৈতিক সমাধানের পক্ষে ইরান। সৌদি আরব চাইলে হুথিদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করে দিতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার (১৭ অক্টোবর) সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন আরাঘচি। তিনি বলেন, সামরিক পদক্ষেপের মাধ্যমে এ সংঘাতের সমাধান সম্ভব নয়। বরং রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই উত্তেজনা কমানো প্রয়োজন।

আরাঘচি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সামরিকভাবে সমাধানের চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। সংঘাত আরও ছড়িয়ে পড়ার আগেই কূটনৈতিক পথ বেছে নেওয়া জরুরি।

তবে এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে ইরানের মধ্যস্থতায় হুথিদের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে কোনো সম্মতির কথা উল্লেখ করা হয়নি। বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরবে হুথিদের হামলায় ইরান সহায়তা করছে। প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য সরবরাহ ও কৌশলগত নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও তেহরানের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এমন প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে আলোচনায় ইরানের মধ্যস্থতার প্রস্তাব আঞ্চলিক উত্তেজনা নিরসনের কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন করে আলোচনায় এনেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা