October 22, 2026, 11:49 am

যুক্তরাজ্যের নারী কাবাডি দলের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

যুক্তরাজ্যের জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই অধিনায়ক হওয়ার খবরটি জানিয়েছেন আনিসা। পরে তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী ইয়াওর খানও বিষয়টি নিশ্চিত করেন।

খেলাধুলার পাশাপাশি ব্যবসা ও বিনোদন জগতেও পরিচিত আনিসা খান। তিনি যুক্তরাজ্যের বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি একজন কনসালট্যান্ট এবং জনপ্রিয় ফুড ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। এ ছাড়া বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালে উঠে রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।

২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কাবাডির সঙ্গে যুক্ত হন আনিসা। নিয়মিত অনুশীলন ও দক্ষতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই খেলাটিতে নিজের অবস্থান শক্ত করেন। পরে ইংল্যান্ড জাতীয় নারী কাবাডি দলে জায়গা করে নেন তিনি। ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আনিসা। এবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব পেলেন এই ব্রিটিশ-বাংলাদেশি ক্রীড়াবিদ।

আনিসা খানের শিকড় বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তার বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। প্রবাসে রেস্তোরাঁ ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করে পরবর্তী সময়ে সফল আবাসন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পান তিনি। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত ইয়াওর খান। চার ভাই-বোনের মধ্যে আনিসা সবার ছোট।

আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হবে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ও ইংল্যান্ডসহ মোট ১৪টি দেশের জাতীয় দল অংশ নেবে। এই আসরে ইংল্যান্ডের লাল-সাদা জার্সিতে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন আনিসা খান। তার নেতৃত্বে শিরোপা জয়ের লক্ষ্যে লড়বে ইংল্যান্ডের নারী কাবাডি দল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা