October 13, 2026, 4:05 pm

চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ ভিসি, ডিসি জাহিদের মধ্যস্থতায় মুক্ত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে মুক্ত করা হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের মধ্যস্থতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে অসুস্থ উপাচার্যকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন জেলা প্রশাসক। তাঁদের দাবি ও অভিযোগ শোনার পাশাপাশি উপাচার্যের শারীরিক অবস্থা এবং জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। আলোচনার পর শিক্ষার্থীরা তাঁকে ক্যাম্পাস থেকে বের করে নিতে সম্মত হন।

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, উপাচার্য আর ক্যাম্পাসে ফিরবেন না—এমন শর্তেই তাঁকে যেতে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আপনারা গণমাধ্যমে অনেক কথা বলেছেন। সেগুলো আমরা শুনেছি, দেখেছি। আমার কাছে মনে হয়েছে, আপনারা যথেষ্ট পরিপক্বভাবে এবং সুন্দরভাবে আপনাদের দাবিগুলো উপস্থাপন করেছেন। আমরা আশ্বস্ত হয়েছি।’

উপাচার্যের চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘একজন মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। একজন বয়স্ক ও সম্মানিত ব্যক্তির চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা এসেছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে চট্টগ্রামের একটি ভালো হাসপাতালে চিকিৎসা করাতে চাই।’

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের দাবিদাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে একজন অসুস্থ মানুষের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।

চুয়েটের চলমান সংকট নিরসনে সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘যেকোনো সংকটেরই সমাধান হতে হবে। কোনো সংকট তো আর মাসের পর মাস চলতে পারে না। সরকারের সঙ্গে আমরাও আলোচনা করছি। আমরা প্রত্যাশা করি, দ্রুতই সংকটের নিরসন হবে।’

তিনি জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি পাওয়ার পর থেকেই প্রশাসনিক পর্যায়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যোগাযোগের পাশাপাশি তিনি সাবেক উপাচার্য, শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। বিভাগীয় কমিশনারের সঙ্গেও সমন্বয় করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছে এবং চেষ্টা চলছে। যে বিষয়গুলো বা দাবিগুলো এসেছে, আমরা অবশ্যই আপনাদের এই বার্তাটি সরকারকে জানাব।’

উপাচার্য নিয়োগ ও অপসারণ সরকারের এখতিয়ারভুক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘কে ভাইস চ্যান্সেলর হিসেবে আসবেন বা কে থাকবেন, এটি সরকারের সিদ্ধান্ত। এটি এখানে আমাদের সিদ্ধান্ত নয়।’

তিনি আরও বলেন, ‘যেগুলো আমাদের পর্যায়ের সিদ্ধান্ত, সেগুলো আমরা আমলে নিলাম। আর যেগুলো সরকারের সিদ্ধান্ত, সেগুলো সরকার ব্যবস্থা নেবে।’

জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর অন্যতম প্রধান দায়িত্ব উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সেই বিবেচনায় অসুস্থ উপাচার্যসহ অবরুদ্ধ ব্যক্তিদের নিরাপত্তা ও চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। উপাচার্যকে ক্যাম্পাস থেকে বের করে আনার পর তিনি গণমাধ্যমকে বলেন, ‘উপাচার্য এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীরাও বিষয়টি বুঝেছে, তারা পরিণত। একজন সাধারণ নাগরিক হিসেবে উপাচার্যের চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। এ জন্যই আমি ও জেলা প্রশাসক মহোদয় আজ এসেছিলাম। শিক্ষার্থীরাও আলোচনার পর পরিস্থিতি বুঝেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা তাঁকে নিয়ে গেলাম। আগে চিকিৎসা দিই, তিনি সুস্থ হোন। পরের বিষয়গুলো পরে সরকারকে জানাব।’

আলোচনার সময় শিক্ষার্থীরা চুয়েটের একটি বাসে হামলার অভিযোগও তোলেন। এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা জানান, অভিযোগ তদন্ত করে কারও বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১২ অক্টোবর) সকালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে অবরুদ্ধ করেন। ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও অভিযোগ ওঠে।

দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর উপাচার্য অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. টিপলু কান্তি দে। এ সময় উপাচার্যের রক্তচাপ ১৫০/১০০ পাওয়া যায়। তিনি বুকে ও শরীরের বাঁ পাশে তীব্র ব্যথার কথাও জানান। চিকিৎসকেরা তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এ অবস্থায় মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা ক্যাম্পাসে যান।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে উপাচার্যসহ অবরুদ্ধ ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস থেকে বের করে আনা হয়। এ সময় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পরদিন থেকে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ ও শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এতে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। সোমবার নতুন উপাচার্য ক্যাম্পাসে গেলে তাঁকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার প্রশাসনের মধ্যস্থতায় তিনি মুক্ত হলেও সংকটের সমাধান হয়নি।

এই বিভাগের আরও খবর


বাংলাদেশে আত্মপ্রকাশ ঘটেছে নতুন জঙ্গিবাদী দলের। নতুন জঙ্গিবাদী দলটির নাম ‘ইতেহাদুল উম্মাহ’। তাদের সঙ্গে বিদেশি জঙ্গি দলের যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সম্প্রতি তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটককৃতদের জেরা করে এই তথ্য পাওয়া গেছে। ‘ইতেহাদুল উম্মাহ’ সম্পর্কে তথ্য লাভের বিষয়টি স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “তেজগাঁও হেফাজতে নেওয়া ব্যক্তিদের মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে ‘ইতেহাদুল উম্মাহ’ নামে একটি সংগঠন গড়ে তোলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে উগ্রবাদী তৎপরতায় সংগঠিত হওয়ার অভিযোগ রয়েছে।” তবে বাংলাদেশ সরকার সব ধরনের জঙ্গিবাদী কার্যকলাপ কঠোর হাতে বন্ধ করার বিষয়ে সতর্কতা জারি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এ ধরনের উগ্রবাদী তৎপরতার বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে।’ প্রসঙ্গত, সম্প্রতি রাজধানী ঢাকার তেজগাঁও কলেজের একটি মসজিদ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ১৮ সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মসজিদে পুলিশের এই সফল অভিযানের কথা সাংবাদিকদের জানান। আরো পড়ুন গাজীপুর সিটির উন্নয়নে ২৫৮৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন গাজীপুর সিটির উন্নয়নে ২৫৮৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন তেজগাঁওয়ের এই জঙ্গিবাদীদের গ্রেপ্তারের ঘটনায় ফের সামনে এলো বাংলাদেশে জঙ্গিবাদী কার্যকলাপ। জাতিসংঘের তরফে অবশ্য আগেই আল-কায়েদাসহ বিভিন্ন জঙ্গিবাদী নেটওয়ার্কের বিষয়ে দক্ষিণ এশীয় দেশগুলোকে সতর্ক করা হয়। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁওয়ের মসজিদটিতে তাদের কথিত বৈঠক চলাকালে আটক করা হয়। অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তারা যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের সিটিটিসির হেফাজতে নেন। তাদের জেরা করে জঙ্গিবাদী কার্যকলাপের বিভিন্ন তথ্য উঠে আসছে। মৌলবাদীদের ছত্রচ্ছায়ায় বাংলাদেশে বাড়ছে জঙ্গিবাদীদের তৎপরতা। সেই সঙ্গে গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের নির্বাচিত সরকারকে উত্থাত করে দেশকে অস্থির করে তোলার। পর্দার আড়াল থেকে বিদেশি শক্তি ও ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাচ্ছে। তেজগাঁওয়ে জঙ্গি গ্রেপ্তারের পরদিন, ১৯ সেপ্টেম্বর, শনিবার মিরপুর ও মধ্য বাড্ডায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। দক্ষিণ কেরানীগঞ্জে একটি পিকআপেও অগ্নি সংযোগ করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তার পরের দিন, রবিবারও রাজধানীর কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। নির্বাচনে পরাজিত শক্তিই বাংলাদেশকে অস্থির করে তুলতে এ ধরনের কর্মকাণ্ডে মদদ দিচ্ছে বলে গোয়েন্দারা মনে করছেন। তবে পুলিশের কড়া নজরদারির কারণে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। আরো পড়ুন ‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শনে কানাডার প্রতিমন্ত্রী ‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শনে কানাডার প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমল থেকেই বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ ও জঙ্গিবাদী কার্যকলাপ বেড়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি গ্রহণ করা হয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছিলেন, ‘দেশে জঙ্গি রয়েছে এবং জঙ্গি তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে সরকার কাজ করবে।’ সরকার সেই লক্ষ্যে কাজ করছে। কিন্তু সরকারকে বিপাকে ফেলতে বিরোধী পক্ষ জঙ্গিবাদীদের মদদ জুগিয়ে চলেছে। তাদের দেশকে অস্থির করে তোলার খেলায় মানুষের নিরাপত্তা প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময় থেকেই বহু জঙ্গি খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। আন্তর্জাতিক তালিকাভুক্ত জেল পালানো তিনজন কট্টর জঙ্গি নেতাকে এখনো ধরা যায়নি। পলাতক বন্দিদের মধ্যে ৯ জনের বিরুদ্ধে ছিল একাধিক জঙ্গিবাদের মামলা। অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ ছিল। ইতিমধ্যে তাদের ৬ জনকে ফের গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনের কোনো খোঁজ নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজিপ্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। আরো পড়ুন সৌদিতে ফ্লাইট চলাচলে বিধি-নিষেধ, ঢাকায় ৯৬৭৪ যাত্রী ক্ষতিগ্রস্ত সৌদিতে ফ্লাইট চলাচলে বিধি-নিষেধ, ঢাকায় ৯৬৭৪ যাত্রী ক্ষতিগ্রস্ত কারা কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও অন্তত ২৭ জন জঙ্গি শুধু নরসিংদী কারাগার ভেঙে পালিয়েছিল বলে জানা যায়। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়েছে খুব কম করে ৬৯০ জন বন্দি। তাদের অনেকেরই এখনো খোঁজ মেলেনি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী জেল-ছুট জঙ্গিরা মৌলবাদীদের সঙ্গে মিলে বাংলাদেশে নতুন নতুন জঙ্গি সংগঠন গড়ে তুলছে। সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে আতঙ্কের পরিবেশ তৈরিই তাদের লক্ষ্য। গোয়েন্দারা তেজগাঁও থেকে ধৃতদের জেরা করে জানতে পেরেছেন, ‘ইতেহাদুল উম্মাহ’ নামে নতুন সংগঠন গড়ে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত হওয়ার পরিকল্পনা নিয়েছে জঙ্গিরা। সাম্প্রতিক কয়েকটি ঘটনা সামনে আসার পর আবারও উগ্রবাদ নিয়ে তাই উদ্বেগ আরো বাড়ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, এখনই পরিস্থিতিকে উগ্রবাদের উত্থান হিসেবে দেখার মতো তথ্য নেই। সম্ভাব্য তৎপরতার ওপর নজরদারি চলছে। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষ অবশ্য এখনই কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষপাতী। তাদের মতে, দেশকে উগ্রবাদ মুক্ত করতে হলে অঙ্কুরেই শেষ করতে হবে জঙ্গিবাদকে। বাংলাদেশে বহুদিন ধরেই চলছে জঙ্গিবাদীদের রমরমা। বিদেশের অর্থ ও সহায়তায় ধর্মের নামে তারা বিস্তার করে চলেছে নিজেদের সংগঠন। মানবাধিকার কর্মী নূর খান লিটনের মতে, বাংলাদেশে উগ্রবাদ নতুন কোনো বিষয় নয়; দীর্ঘদিন ধরেই এর উপস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘গত প্রায় দুই বছরে এ ধরনের গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড কতটা কার্যকরভাবে নজরদারিতে ছিল, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন তারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এমন কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি।’ আরো পড়ুন এবার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি! এবার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি! বাংলাদেশ বিমানবাহিনীর মতো সুশৃঙ্খল বাহিনীর ভেতরেও জঙ্গিবাদীদের জাল বিস্তৃত। চলতি বছরেই চট্টগ্রামের একটি ঘাঁটি থেকে নিখোঁজ হওয়া বাংলাদেশ বিমানবাহিনীর এক ওয়ারেন্ট অফিসারের সন্ধান মিলেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) এক ডেরায়। এ ঘটনার পরই বাংলাদেশে সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে উগ্রপন্থি নেটওয়ার্কের উপস্থিতি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। পাকিস্তান সরকার সম্প্রতি বাংলাদেশ কর্তৃপক্ষকে জানিয়েছে, তাদের সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত টিটিপির পক্ষে বাংলাদেশ বিমানবাহিনীরও সদস্য কাজ করছিলেন। প্রতিরক্ষা বাহিনীতেও জঙ্গি অনুপ্রবেশ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য খুবই বিপজ্জনক। তেমনই বিপজ্জনক ছোট ছোট শিশুদের মনে মাদরাসার মাধ্যমে জঙ্গিবাদের বীজবপনও। এটা প্রতিহত করতেই হবে। এর জন্য চাই আরো কঠোর নজরদারি।

ফেসবুকে আমরা