November 13, 2026, 7:59 pm

আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাবেক ধর্ম উপদেষ্টার

ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমসমাজের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, একটি পিঁপড়াও একা হাঁটে না, অথচ আলেমসমাজ বিভিন্ন গ্রুপে বিভক্ত। বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলেমসমাজের উদ্দেশে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, কোনো পিঁপড়া একা হাঁটে না, এমনকি জঙ্গলের কোনো হাতিও একা হাঁটে না। অথচ আমরা দশদিকে, দশটি গ্রুপে বিভক্ত। তাই বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ঐক্যই শক্তিতে পরিণত হবে। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, ‘কাদামাটির ওপর দাঁড়িয়ে যুদ্ধ করা যায় না। তাই পায়ের নিচের মাটি শক্ত আছে কি না, সেটি আগে নিশ্চিত হতে হবে।’

রাজনীতিতে আলেমসমাজের জনসম্পৃক্ততার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা যখন ওয়াজ করি, লাখ লাখ মানুষ ওয়াজ শুনতে আসে। কিন্তু এরা আমার ভোটার নয়। এখানেই তো ভুল।’

তিনি আরও বলেন, বিগত নির্বাচনে বিএনপি ৫০ শতাংশ ভোট পেয়েছে। জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল মিলে ভোট পেয়েছে ৩৫ শতাংশ। সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘এত আস্ফালন কিসের? আশা করি ২০৩১ সালে পরিস্থিতি বদলে যাবে।’ জামায়াতে ইসলামীকে বাদ দিলে ইসলামী দলগুলোর ভোটের হার ৫ দশমিক ৫৫ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগ না রেখে শুধু বড় বড় কথা বললে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা