October 3, 2026, 1:51 pm

পেছনে: নিকোলাস মাদুরোকে আটকে দৃশ্য, সামনে ট্রাম্প ও চ্যাটবট ‘গ্রোক’।

ট্রাম্পের মাদুরো আটকের পরিকল্পনায় ‘গ্রোকের পরামর্শ’, দাবি টাইমের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পরিকল্পনা চূড়ান্ত করার আগে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’-এর পরামর্শ নিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে উইয়ন নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে, কারাকাসে মার্কিন সামরিক অভিযানের প্রায় এক মাস আগে, ট্রাম্প গ্রোককে সম্ভাব্য সামরিক অভিযান এবং মাদুরোকে আটক করা হলে ভেনেজুয়েলার জনগণের প্রতিক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন করেন।

গ্রোকের পক্ষ থেকে তখন বলা হয়, মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হলে ভেনেজুয়েলায় উল্লাস দেখা দিতে পারে। তবে মার্কিন সামরিক অভিযানের সিদ্ধান্তে গ্রোকের সরাসরি কোনো প্রভাব ছিল, এমন প্রমাণ পাওয়া যায়নি।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সামরিক বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফেডারেল নার্কো-টেররিজম ও মাদক পাচারের অভিযোগ আনা হয়।

আটকের পর ভেনেজুয়েলায় উল্লাসের খবর প্রকাশিত হলে গ্রোকের পূর্বাভাসের সঙ্গে ঘটনাটির মিল নিয়ে ট্রাম্প সন্তুষ্ট হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গ্রোকের দেওয়া তথ্য ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তকে কতটা প্রভাবিত করেছিল, তা স্পষ্ট নয়।

সূত্র: উইয়ন নিউজ

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা