September 29, 2026, 6:33 am

অভিযান। ছবি: গালফ নিউজ

সৌদিতে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহের অভিযানে মোট ১৩ হাজার ৬২৮ জনকে আটক করা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৯৩ জন আবাসিক আইন, ৩ হাজার ৫৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫০৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় ১ হাজার ১৯৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করায় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইন লঙ্ঘনকারীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও দ্রুত করা হচ্ছে। এরই মধ্যে ১৮ হাজারের বেশি প্রবাসীকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। বর্তমানে ৩১ হাজারের বেশি বিদেশি নাগরিক আইনি প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।

অবৈধ অভিবাসীদের আশ্রয়, যাতায়াত বা পালাতে সহায়তার অভিযোগে ২২ জন স্থানীয় সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারীদের সহায়তা করা, তাদের পরিবহন করা কিংবা বাড়ি বা অন্য কোনো স্থানে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।

কর্তৃপক্ষ এ ধরনের আইন লঙ্ঘনের ঘটনা নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা