September 29, 2026, 6:04 am

মন্ত্রিসভার বৈঠক। ছবি: পিআইডি

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন, প্রতি কর মেয়াদে দিতে হবে দাখিলপত্র

রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়মে প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি উপস্থাপন করে।

মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতে ‘মূল্য সংযোজন কর আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে ভ্যাটের দাখিলপত্র জমা দিতে হবে। নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া যাবে।

তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে আরও গতি আনতেই রিটার্ন দাখিলের সময়সীমা ও পদ্ধতিতে এ পরিবর্তন আনা হচ্ছে।

মন্ত্রিসভা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা