September 27, 2026, 12:23 pm

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সাবেক ক্যান্টনমেন্ট ওসি রাকিবুলের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ঢাকা মহানগরের বিভিন্ন থানার ওসি বদলি এবং বিশেষ করে শাহ আলী থানার ওসি প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকরা জানতে চান, শুধু বদলি করলেই কি সমস্যার সমাধান হচ্ছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বদলি একটি প্রশাসনিক ব্যবস্থা। কর্তব্যে অবহেলা কিংবা কোনো বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলেও বদলি করা হতে পারে। তবে বদলিই শেষ ব্যবস্থা নয়। এর পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের প্রসঙ্গে তিনি বলেন, একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওর পর তার বিরুদ্ধে তদন্ত হয়েছে। ফরেনসিক পরীক্ষাও করা হয়েছে। একাধিক সংস্থা তদন্তের পর তার বিরুদ্ধে মামলা এবং বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপর সাংবাদিকরা জানতে চান, রাকিবুল হাসানের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন রাকিবুল হাসান। ওই অডিওতে তাকে পুলিশের বর্তমান পরিস্থিতি, কর্মকর্তা পদায়ন ও অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শোনা যায়।

অডিওতে তিনি পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের কিছু কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি করেন। পাশাপাশি ওসি পদায়নে অর্থ লেনদেন, প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে পোস্টিং এবং যোগ্য কর্মকর্তাদের বাদ দিয়ে অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে দেওয়ার অভিযোগও তোলেন। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ঠেকানোর সক্ষমতা পুলিশের নেই বলেও মন্তব্য করেন তিনি।

অডিওটি নিয়ে তদন্তের পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

গত ২৪ সেপ্টেম্বর ওই মামলায় রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। পরে মামলাটির তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা