September 22, 2026, 7:17 pm

ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

ডিসেম্বর নিয়ে সরকার পতনের হুমকি, ভয় পাওয়ার কারণ নেই: ভূমি প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরছে উল্লেখ করে বিভিন্ন নিরপেক্ষ সংস্থার বক্তব্যের পরও একটি মহল অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, একদিকে পলাতক স্বৈরাচার ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলছে, অন্যদিকে আরেকটি পক্ষ ডিসেম্বরেই সরকার পতনের কথা বলছে। পলাতক ও পরাজিত শক্তি এক হওয়ার চেষ্টা করছে। তবে এসব নিয়ে সরকারের ভয় পাওয়ার কোনো কারণ নেই।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানাগারের উপকরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ করা হয়।

ভূমি দখলের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের এক ইঞ্চি জমিও কোনো অবৈধ দখলদারের দখলে থাকতে দেওয়া হবে না। যেসব সরকারি জমি দখল হয়েছে, সেগুলো পুনরুদ্ধার করে সরকারি ও জনগণের কাজে ব্যবহার করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের জন্য ক্ষতিকর এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি। একইভাবে দেশের ক্ষতি হয়, এমন কোনো কর্মকাণ্ডে কাউকে জড়িত না হওয়ার আহ্বান জানান তিনি।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশের সমৃদ্ধি ও উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে সরকার কাজ করছে। কিন্তু এর মধ্যেই ১৯৭১ সালের পরাজিত শক্তি আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। একদল আগে জান্নাতের টিকিট বিক্রি করে লাভ করতে পারেনি, এখন তারা এ দেশের মানুষকে দোজখে নিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী তারাবো পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা প্রশাসক রায়হান কবীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা