আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে রাজধানীর শ্যামলী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর অঞ্চল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্যামলী স্কয়ার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার সেক্রেটারি ড. রেজাউল করিম।
গণসংযোগকালে ড. রেজাউল করিম অভিযোগ করে বলেন, সরকার জনগণের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে চাঁদাবাজি ও লুন্ঠনে ব্যস্ত রয়েছে। সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত সবাই চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে জড়িয়ে পড়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত।
তিনি বলেন, ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়। জনগণের গণরায় বাস্তবায়নের দাবিতেই এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সরকারের মাত্র ছয় মাসের মধ্যেই দলীয়করণ, লুন্ঠন ও অপরাজনীতি শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, এর মধ্য দিয়ে জনগণের কাছে সরকারের নতুন ফ্যাসিবাদী চরিত্র উন্মোচিত হয়েছে।
ড. রেজাউল করিম আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুর অভিমুখে অনুষ্ঠেয় লংমার্চে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মোহাম্মদপুর উত্তর আমির আব্দুল হান্নান, আদাবর থানা আমির আল আমিন সবুজ, শেরেবাংলা নগর উত্তর আমির আব্দুল আউয়াল আজমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে নেতাকর্মীরা ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে শ্যামলী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন।