September 13, 2026, 9:37 am

ছবি: সংগৃহীত

নাগপুরে ব্যাংককর্মীদের মরিচের গুঁড়া ছুড়ে সাড়ে ৪ লাখ রুপি লুট, গ্রেপ্তার যুবক

ভারতের নাগপুরে ব্যাংককর্মীদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে ৪ লাখ ৫৩ হাজার রুপি লুটের অভিযোগে সূরজ ভোজরাজ বোরকার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে লুট হওয়া পুরো অর্থ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নাগপুরের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) ভান্ডে প্লট শাখার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, ব্যাংকের কর্মীরা এটিএম কক্ষ থেকে নগদ অর্থ নিয়ে ব্যাংকে ঢোকার সময় তাদের অনুসরণ করছিলেন বোরকার। এর আগে তিনি ব্যাংকটি ঘুরে দেখে কর্মীদের চলাচল ও টাকা আনা-নেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করেন। এরপর ব্যাংককর্মীরা কখন এটিএম কক্ষ থেকে নগদ অর্থ নিয়ে বের হবেন, সেই সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি।

পুলিশ কর্মকর্তা রমেশ খুনে জানান, ব্যাংককর্মীরা টাকা নিয়ে বের হওয়ার পর বোরকার তাদের পিছু নেন। একপর্যায়ে তাদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে দিয়ে ৪ লাখ ৫৩ হাজার রুপি নিয়ে দ্রুত পালিয়ে যান তিনি।

এ সময় এক ব্যাংককর্মী তাকে ধাওয়া করেন। পরে এলাকায় টহলরত বিট মার্শাল ও গোয়েন্দা শাখার সদস্যরাও ওই ধাওয়ায় যোগ দেন। প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে পুলিশ বোরকারকে আটক করে। তার কাছ থেকে লুটের পুরো অর্থ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বোরকার বর্তমানে বেকার। প্রাথমিকভাবে অর্থের লোভ থেকেই তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, লুটের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ সেটিও তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করছে। সাক্কারদারা থানায় বোরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ আরও খতিয়ে দেখছে, বোরকার একাই লুটের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিলেন, নাকি এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা