September 12, 2026, 10:24 am

এআই দিয়ে ক্ষেপণাস্ত্রের গাইডেন্স সফটওয়্যার তৈরি করেছে হুথিরা।

অস্ত্রের গাইডেন্স সফটওয়্যার তৈরিতে অ্যানথ্রোপিকের এআই ব্যবহার

ইয়েমেনভিত্তিক একটি অস্ত্র উন্নয়নকারী গোষ্ঠী ক্ষেপণাস্ত্রের গাইডেন্স ও নিয়ন্ত্রণ সফটওয়্যার তৈরিতে অ্যানথ্রোপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা ‘ক্লাউড কোড’ ব্যবহার করেছে। অ্যানথ্রোপিকের সেপ্টেম্বর ২০২৬-এর হুমকি প্রতিবেদনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করা হয়।

অ্যানথ্রোপিক জানায়, অভ্যন্তরীণ তদন্তে সন্দেহজনক অস্ত্র তৈরির কার্যক্রম শনাক্ত হওয়ার পর বিষয়টি সামনে আসে। তদন্তে দেখা যায়, গোষ্ঠীটি মানব প্রকৌশলীদের কাজের বিকল্প হিসেবে ক্লাউডের একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছিল। তারা গাইডেড রকেট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ‘আর২০০০’ নামের একটি বহুমুখী ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে কাজ করছিল।

প্রতিবেদন অনুযায়ী, উড্ডয়নকারী যান নিয়ন্ত্রণ, দিকনির্ণয় ও গাইডেন্সের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার তৈরিতে ক্লাউডের বিভিন্ন সংস্করণ ব্যবহার করা হয়। অ্যানথ্রোপিকের নিরাপত্তা ব্যবস্থা বেশ কিছু অনুরোধ আটকে দিলেও গোষ্ঠীটি তাদের প্রকৃত উদ্দেশ্য আড়াল করে কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যায়।

অ্যানথ্রোপিক আরও জানিয়েছে, এআইয়ের সহায়তায় গোষ্ঠীটি একটি গাইডেড রকেটের পরীক্ষাও চালায়। তবে পরীক্ষাটি ব্যর্থ হয়। পরে রকেটটি ব্যর্থ হওয়ার কারণ বিশ্লেষণ করতেও তারা ক্লাউড ব্যবহার করে। এর মাধ্যমে অস্ত্র তৈরির কাজে বাণিজ্যিক এআই কোডিং ব্যবস্থা ব্যবহারের সক্ষমতার বিষয়টি স্পষ্ট হয়েছে।

ঘটনা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট বন্ধ করে দেয় অ্যানথ্রোপিক। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় বিষয়টি সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে শেয়ার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে অ্যানথ্রোপিকের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাউড ব্যবহারের আগেই ওই গোষ্ঠী নিজস্ব অফলাইন সিমুলেশন ব্যবস্থা তৈরি করেছিল। ফলে তাদের অস্ত্র উন্নয়ন সক্ষমতা কেবল অ্যানথ্রোপিকের এআই ব্যবস্থার ওপর নির্ভরশীল ছিল না।

সূত্র: টাইমস নাউ

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা