September 10, 2026, 6:32 pm

প্রধানমন্ত্রীসহ এমপিদের নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জামায়াতের নায়েবে আমিরের

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সব সংসদ সদস্য এবং দেশের ধর্মপ্রাণ মুসলমানদের নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ আহ্বান জানান।

মুজিবুর রহমান বলেন, সংসদ অধিবেশন চলাকালে নামাজ আদায়ের জন্য ৩০ মিনিট সময় দেওয়া হয়। অধিকাংশ সংসদ সদস্য শারীরিকভাবে সুস্থ থাকায় তাদের জামাতের সঙ্গে নামাজ আদায় করা উচিত। প্রধানমন্ত্রীও জামাতের সঙ্গে নামাজ আদায় করতে চান, তবে শারীরিক অসুস্থতার কারণে তার পক্ষে মসজিদে যাওয়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পর নামাজের হিসাব দিতে হবে। তাই নিজেদের নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি সন্তানদের ছোটবেলা থেকেই নামাজের প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান তিনি।

মুজিবুর রহমান বলেন, সন্তানদের বয়স ১০ বছর হলে তাদের নামাজ আদায়ে প্রশাসনিকভাবে উৎসাহিত করার ব্যবস্থা করা উচিত। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে নামাজ ও জাকাতের বিধান প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। তার মতে, নামাজের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিকদের নৈতিক চরিত্র উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ধর্ম পালন প্রত্যেক নাগরিকের স্বাধীনতার বিষয়। নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা সবার রয়েছে। ইসলাম মানবতার ধর্ম উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় বিধান সম্পর্কে সংসদ সদস্যরা অবগত আছেন এবং প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় নির্দেশনা মেনে চলবেন বলে আশা করেন।

কালেরচিত্র/এমআ

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা