September 8, 2026, 10:07 am

রাজশাহীতে যুবলীগের মিছিল, ভিডিও ভাইরাল

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ব্যস্ত ভদ্রার মোড় এলাকায় অনুষ্ঠিত এ মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে রাজশাহী মহানগর যুবলীগের ব্যানারে সংক্ষিপ্ত এই বিক্ষোভ মিছিল বের করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের অনেকের মুখে মাস্ক ছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভিডিওতে মিছিলকারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘দেশবাসী তৈরি হও, মুক্তির মিছিলে এগিয়ে যাও।’

এদিকে, মিছিলের খবর জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি গণমাধ্যমকে বলেন, যুবলীগের একটি মিছিলের খবর পাওয়ার পর সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করা হচ্ছে। মামলা হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা