দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে রেলগেট পার হওয়ার সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইসার উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়েসাড়ে চারটায় ফুলবাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসার উদ্দিন ফুলবাড়ী পৌরসভার তেঁতুলিয়া তালেরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসার উদ্দিন তার বড় মেয়ের বাড়ি সৈয়দপুর থেকে ট্রেনে করে ফুলবাড়ী স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে বের হয়ে রেলগেট পার হওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আসার কারণে গেটম্যান রেলগেটের দুই পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার মুহূর্তে দুজন ব্যক্তি ব্যারিকেড অমান্য করে রেললাইন পার হয়ে যান। তাদের দেখে ইসার উদ্দিনও তড়িঘড়ি করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি হোঁচট খেয়ে রেললাইনের ওপর পড়ে গেলে দ্রুতগতির পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ট্রেনের চাকায় কাটা পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।