মোহাম্মদ আসাদ :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সংগঠনের সহ-সভাপতি আ. মান্নানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের ইতোপূর্বেকার মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সোলার লাইট স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ, শিক্ষা সহায়তা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, আসন্ন কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা নিয়েও মতামত দেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম বিকট বলেন, “আমরা সবাই মিলেমিশে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে। সংগঠনের প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব এবং সমালোচনার ঊর্ধ্বে থাকব।”
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম অন্তর, রিমন মিয়া, উজ্জ্বল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সোহান মিয়া, অর্থ সম্পাদক নূর হোসেন, সহ-অর্থ সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক বেলাল হোসেন রাব্বি, পরিবেশ ও বৃক্ষরোপণ সম্পাদক হামিদুর রহমান বাবু প্রমুখ। এছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির হোসাইন, খোকন শেখ ও মনির হোসেন।
উল্লেখ্য, বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট প্রায় ৬০০টি বৃক্ষরোপণ, মহাসড়কের পাশে বিভিন্ন মোড়ে ৯টি সোলার লাইট স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ, ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের সম্মাননা প্রদান করে বেশ সুনাম অর্জন করেছে।