September 4, 2026, 11:13 am

পাঁচবিবিতে মাদক বিরোধী সমাবেশ, মাদক ছাড়ুন, নাহলে এলাকা ছাড়ুন-ওসি তামবিরুল ইসলাম

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার টিএনটি খাদ্য গুদাম এলাকায় “নবজাগরণ সামাজিক সংগঠনের” সমাবেশের আয়োজন করেন। সংগঠনের সভাপতি সাবেক পুলিশ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি তামবিরুল ইসলাম বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এ কাজে এগিয়ে আসতে হবে।”

মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “পাঁচবিবিতে বসবাস করতে চাইলে মাদক ছাড়তে হবে। না হয় এলাকা ছাড়তে হবে। তবে কেউ যদি মাদক ব্যবসা ছেড়ে ভালো পথে আসতে চায়, থানা পুলিশ তাকে সার্বিক সহযোগিতা করবে।”

সমাবেশে আয়োজক কমিটি এলাকা থেকে মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে এলাকাবাসী মাদকমুক্ত পাঁচবিবি গড়তে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন সাঈদ ইবনে আলী মাস্টার, মোঃ মোখলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা