পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৩৫’তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২৬ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে পাঁচবিবি খোদা বক্স স্টেডিয়ামে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমী সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হান্নান চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দু’দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এরমধ্যে ছিল ভলিবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্ট।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সুস্থ প্রতিযোগিতার চেতনা শিখবে। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।