July 26, 2026, 6:32 pm

স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটিতে আগে ভোট চায় জামায়াত

স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন বা উপজেলা থেকে শুরু না করে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর সিটিতে দলটির সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন ঢাকার দুই সিটি করপোরেশন দিয়ে শুরু হোক। রাজধানী এলাকায় যদি একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়, তবে সেই নির্বাচনের ইতিবাচক প্রভাব এবং উৎসাহ-উদ্দীপনা দেশের একদম গ্রাম পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়বে।
সরকারকে উদ্দেশ করে সেলিম উদ্দিন বলেন, ‘এটা না করলে আমরা ধরে নেব আপনারা ভয় পাচ্ছেন এবং আপনারা কোনো ষড়যন্ত্রের মধ্যে আছেন, কারসাজির মধ্যে আছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগেই, যেখানে অনেক ইউনিয়ন ও উপজেলা পরিষদের মেয়াদ এখনো বাকি রয়ে গেছে। তাই যেসব সিটির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম এগুলোতে আগে নির্বাচন দিয়ে পরবর্তীতে অন্য স্থানীয় পর্যায়গুলোতে যান।
জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে এই জামায়াত নেতা বলেন, যদি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও অনুরূপভাবে কারচুপির কোনো অপচেষ্টা করা হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। মানুষ যাদের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, তাদেরই মেনে নিতে হবে, অন্যথায় সরকারকে বড় ধরনের ঝুঁকির মধ্যে পরতে পারে বলে তিনি হুশিয়ারি দেন।
বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনা করে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির বলেন, জুলাই বিপ্লব ও আন্দোলনের ফলে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা পেলেও ক্ষমতায় আসার পর দলটি ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নে কোনো আন্তরিকতা দেখাচ্ছে না। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না করা হলে বিএনপিকে ভবিষ্যতে কঠিন রাজনৈতিক খেসারত দিতে হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিদেশ যাওয়ার সুযোগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকা শেয়ারবাজারে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা এই রাষ্ট্রপতির বিচার না হওয়া পর্যন্ত তাঁকে বিদেশ পাঠাবেন না। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের সুযোগ দিন। তাঁর চিকিৎসার দরকার হলে দেশে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করুন।
রাজধানীর দৈনন্দিন নাগরিক সেবা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন সেলিম উদ্দিন। তিনি বলেন, বর্তমানে ঢাকা শহর চাঁদাবাজ ও টেন্ডারবাজদের নগরীতে পরিণত হয়েছে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা না থাকায় চারপাশ ময়লার ভাগাড়ে রূপ নিয়েছে। সামান্য একটু বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা ঢাকার ভঙ্গুর ও দুর্বল নগর ব্যবস্থাপনার চরম বাস্তবতা ফুটিয়ে তোলে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা