July 22, 2026, 7:31 pm

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভকারীরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। সমাবেশে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা ভিডিওটি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্ন ও বিতর্কের কথা তুলে ধরেন।

বক্তারা দাবি করেন, ভিডিওটি প্রকাশের পর প্রথমে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে সংশ্লিষ্ট নারীকে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং গাজী নজরুল ইসলামের পদত্যাগের আহ্বান জানান।

বিক্ষোভকারীরা বলেন, বিতর্কিত ঘটনাটি নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার স্বচ্ছ ও গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রয়োজন। অন্যথায়, রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে, গাজী নজরুল ইসলাম ভিডিও প্রসঙ্গে দাবি করেছেন যে, ভিডিওতে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটি একটি পরিকল্পিত ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অংশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে বিষয়টি পর্যালোচনার কথা জানিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা