বরগুনার তালতলী উপজেলার সাগরে ইলিশ শিকার করতে গিয়ে ‘এফবি মহিমা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বুধবার (৮ জুলাই) ভোররাতে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন, তাদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ২ জন এখনও নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ দুই জেলে হলেন, বরগুনার তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের কালাম পাইক (৬০) ও শহীদুল খান (৫৫)। দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ১৬ জেলেকে জীবিত উদ্ধার করেন এবং তাদের পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়।
ট্রলার মালিক তপন জমাদ্দার জানান, মঙ্গলবার ভোরে ১৩ জন জেলেকে নিয়ে ট্রলারটি গভীর সাগরে যায়। মাছ ধরার সময় অপর একটি ট্রলারের জেলেদের উদ্ধার করতে গিয়ে তাদের সংখ্যা ১৮ জনে পৌঁছায়। পরে আবহাওয়ার আকস্মিক অবনতি ঘটে এবং ট্রলারটি ডুবে যায়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। কোস্টগার্ড ও ট্রলার মালিক সমিতির উদ্যোগে চারটি ছোট ট্রলার সম্ভাব্য এলাকায় তল্লাশি চালাচ্ছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ দুই জেলের উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।