বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে। তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানান।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
খায়রুল কবির খোকন বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য মাদক নিয়ন্ত্রণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি জানান, এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
সমাবেশে নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক ও অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।