প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দলটি আবারও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। তিনি মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
ডা. জাহেদ উল্লেখ করেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
তিনি বলেন, আইসিটি থেকে জানানো হয়েছে তদন্ত চলছে। বিচারে যদি দেখা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে তারা তাদের কর্মকাণ্ড করতে পারবেন।
সাম্প্রতিক সময়ে তুরাগে ঘটে যাওয়া অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনাকে ‘কখনোই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে ডা. জাহেদ বলেন, এসব ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কি না, তা সরকার তদন্ত করবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাদের জীবনও মূল্যবান এবং প্রত্যেকের প্রতি আহ্বান জানানো হয়, রাষ্ট্রের আইন মেনে চলুন। তিনি আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন এবং বলেন, দলটির নৈতিক শক্তি নেই।
ডা. জাহেদ আরও জানান, আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন মামলায় আসামি এবং তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার নিয়মিত রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ অব্যাহত রেখেছে।