প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা ও পানি দূষণ রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় লেকের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যাচাই এবং দূষণমুক্ত করার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী লেকের বর্জ্য অপসারণ, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, লেক দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের কথা বলা হয়েছে। বিশেষ করে যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে পড়ছে, সেগুলো রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিষয়েও আলোচনা হয়। কড়াইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে, সে বিষয়ে কর্মপরিকল্পনা তৈরির কথাও উল্লেখ করা হয়। সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।