July 5, 2026, 5:52 pm

কোটালীপাড়ায় গাছের নিচে চাপা পড়ে আশ্রমের সেবায়েতের মৃত্যু

কোটালীপাড়ায় গাছের নিচে চাপা পড়ে আশ্রমের সেবায়েতের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক আশ্রমের সেবায়েত অসিম (২৭) গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন। রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামে অবস্থিত শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অসিম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। ঘটনার সময় আশ্রম প্রাঙ্গণে একটি বড় গাছ কাটার কাজ চলছিল। গাছটি কাঁধে করে সরানোর সময় অসিম সময়মতো সরে দাঁড়াতে পারেননি, ফলে গাছের ভারী অংশের আঘাতে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় তাকে আশ্রমের অপর সেবায়েত স্বপন দাস ও স্থানীয়রা দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় আশ্রমজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় বাসিন্দা ও আশ্রমের ভক্তদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা