তেহরানে আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিশেষ করে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
মুত্তাকি দুই দেশের মধ্যে বাণিজ্যের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব। তিনি উভয় দেশের মধ্যে সহযোগিতার আহ্বান জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দুই দেশের সম্পর্ককে দীর্ঘস্থায়ী হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া দ্বিপক্ষীয় বাণিজ্যকে জোরদারে সহায়তা করবে। উল্লেখ্য, তালেবানরা ক্ষমতায় ফিরে আসার প্রায় পাঁচ বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হলো।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তিনি আজ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।