কালের চিত্র ডেস্ক :
বিদেশ থেকে দেশে ফেরার পর গাজীপুরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়ল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর নান্দুয়ান এলাকায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ২ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে রাজেন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। এতে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন অংশ নেন।
মিছিল শেষে বক্তব্য দেন নাসির মোড়ল। বক্তব্যে তিনি বলেন, “গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে—শেখ হাসিনা। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে। শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই।”
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “মিছিলের বিষয়টি জেনেছি। বিভিন্ন ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও ঘটনায় জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তথ্য যাচাই করছে।