বাংলাদেশ সরকার আগামী ৫ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানিয়েছেন।
৪ জুলাই, শনিবার যশোর জিলা স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার সৌর বিদ্যুতের ওপর বিশেষ মনোনিবেশ করছে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতীতে বিদ্যুৎকেন্দ্রগুলো ডিজেল ও ফার্নেস অয়েল-নির্ভর ছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকর। বর্তমান সরকার পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝুঁকছে। তিনি জানান, চলতি বাজেটে ইলেকট্রিক বাইকের জন্য ২০৩১ সাল পর্যন্ত শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তির সমন্বয়ে পাঠদানকে আনন্দময় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুকে আযম মু. আব্দুস ছালামসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।