July 1, 2026, 4:34 pm

রংপুরে কুরিয়ার সার্ভিস থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার

রংপুরে কুরিয়ার সার্ভিস থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার

রংপুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর।

এদিন সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড়স্থ 'এসএস পরিবহন' থেকে ইয়াবার এই বড় চালান উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি মনসুর মন্ডল ওরফে বোদাকে আটক করা হয়। মনসুর রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের জালাল মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে রংপুর ও বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে এসএ পরিবহনে অবস্থান করেন। মনসুর কক্সবাজার থেকে চায়ের প্যাকেটে করে ইয়াবা নিতে আসলে তাকে আটক করা হয় এবং প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকারও বেশি।

আবু জাফর ও বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, মনসুরের কক্সবাজারে একটি চায়ের দোকান রয়েছে। তিনি চায়ের ব্যবসার আড়ালে ইয়াবার চালান এনে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তদন্তের মাধ্যমে তার সহযোগী এবং চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা