July 1, 2026, 3:15 pm

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান ও বালুমহাল দখলের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী অঞ্চলে ৫ আগস্টের পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতা এহসানুল কবির টুকুর বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখল এবং ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের মতো গুরুতর অনিয়মে জড়িত।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর ঢাকা থেকে এসে টুকু অন্তত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদ দখল করেছেন। প্রেমতলী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টুকু ভাটোপাড়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে রয়েছেন, যেখানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি এখনও অ্যাডহক সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রেমতলী জসীমউদ্দীন দাখিল মাদ্রাসা এবং প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়েও তার নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ রয়েছে, মাদ্রাসার গভর্নিং বডির সদস্যদের সিদ্ধান্তকে উপেক্ষা করে নিয়োগ বাণিজ্য চলছে, যেখানে প্রায় ২৬ লক্ষ টাকার লেনদেন হয়েছে। প্রেমতলী সুখ বাসিয়া উচ্চ বিদ্যালয়ে টুকুর সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় জমির আয়ের হিসাবও সঠিকভাবে দেওয়া হয়নি।

এছাড়া, স্থানীয় বালুমহালেও তার প্রভাব রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে ওঠা বালুমহালের লভ্যাংশের একটি অংশ স্থানীয় মসজিদে দেওয়ার নিয়ম থাকলেও টুকু তা দিতে নানা তালবাহানা করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা সত্ত্বেও তিনি জোরপূর্বক বালু উত্তোলন করছেন।

স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগীরা এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একক ব্যক্তির কবল থেকে মুক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এহসানুল কবির টুকুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা