কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি বাংলাদেশি ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। রোববার (২৮ জুন) সকালে ছেড়া দ্বীপসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। তারা উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় জেলেরা জানান, রোববার দুপুরে কায়ুকখালী ঘাট থেকে আলী আহমদের মালিকানাধীন একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। ট্রলারটি ছেড়া দ্বীপসংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিয়ে সেটি আটক করে। এরপর ট্রলারসহ পাঁচ জেলেকে নিয়ে যায় তারা।
এসময় আশপাশে থাকা অন্যান্য মাছ ধরার ট্রলার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদে ফিরে আসে। ইউএনও এসএম অনীক চৌধুরী বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তবর্তী জলসীমায় ঢুকে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। আটক জেলেদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।