June 17, 2026, 11:50 am

বিতর্কিত প্রতিমন্ত্রীর দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি :

বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক, বার্তা সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাব।

বুধবার (১৭ জুন) দুপুর ১টায় ঢাকা-সিলেট মহাসড়কের কাচপুর মেগা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। অথচ সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ সময় নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণমাধ্যম কর্মী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ স্বাধীন সাংবাদিকতার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন,মোঃ ফারুক হোসেন,সুমন মাহমুদ রিহান,মোঃ আনোয়ার হোসেন, মোঃ শাহিন, তারেক হাসান,আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন আনু,মোঃ আরিফ হোসেন,সানাউল্লাহ মুন্সিসহ আরও অনেকে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা