May 22, 2026, 7:05 pm

ফতুল্লায় চালকের গলা কেটে হত্যাচেষ্টা: র‍্যাবের হাতে প্রধান আসামি গ্রেফতার

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যাচেষ্টা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি আঃ রাহিমকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অটোরিকশা চালক আমিনুল ইসলাম (৪৮) গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি বর্তমানে ফতুল্লার মাসদাইর বাজার এলাকার সুলতান হাজীর বাড়িতে ভাড়া থাকতেন।
জানা যায়, ঘটনার দিন দুই ব্যক্তি যাত্রী সেজে আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। পরে কাশিপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তারা পেছন দিক থেকে ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে তার গলার একটি রগ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।
এসময় দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক বাধা দেন। তখন তার হাতেও ছুরিকাঘাত করা হয়।
চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আমিনুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ মে) রাত ২টার দিকে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আঃ রাহিমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাহিম কুমিল্লা জেলার মতলব দক্ষিণ থানার কামালদি এলাকার নাসিরউদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা