সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর উপজেলায় প্রাইমারী স্কুলের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাইফুল হক (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। খবর পেয়ে জনতা ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেয়া হয়। বর্তমানে ভুক্তভোগী শিশুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদেকপুর (বুড়িস্থল) এলাকায় অভিযুক্তের নিজ বাড়িতে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত সাইফুল হক ওই এলাকার সমরু মিয়া ও হাজারা বেগমের ছেলে। গ্রেফতারকৃত যুবক সুনামগঞ্জ পৌর শহরের নতুন হাছননগর এলাকায় বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে সাইফুল হক। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হাতেনাতে অভিযুক্ত সাইফুলকে আটক করে উত্তম মধ্যম দেয়।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) তাৎক্ষণিকভাবে এসআই অর্জনের নেতৃত্বে একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠান। পুলিশ দ্রুত পৌঁছে আহত অবস্থায় অভিযুক্ত সাইফুলকে নিজেদের জিম্মায় নিয়ে আসেন এবং ধর্ষণের শিকার আহত শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
গণধোলাইয়ে আহত আসামি সাইফুলকে পুলিশ হেফাজতে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।