গাজী সোহেল :
নারায়ণগঞ্জের বন্দরে হাতুড়িপেটায় হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোঃ সোহেবসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহনগরের মোঃ সোহেব (৪২) ও শাহী মসজিদ এলাকার মোঃ সুমন (৩৮)।
মামলার তথ্যমতে, গত ৩ অক্টোবর টাকাপয়সার বিরোধ মেটাতে একটি শালিসি বৈঠক চলাকালে আসামিরা আলমগীরকে হাতুড়ি, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।