নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এএসআই ইলিয়াস ও কনস্টেবল আশরাফের বিরুদ্ধে এক মাদকসেবীকে আটকে রেখে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার বিনিময়ে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে শ্যামল নামে এক চিহ্নিত মাদকসেবীকে তার নিজ বাড়ি থেকে আটক করেন এএসআই ইলিয়াস ও কনস্টেবল আশরাফ। আটকের পর তাকে থানায় না নিয়ে শ্যামলের বউ মিতু আক্তার নামের এক নারীর সাথে রফা-দফা শুরু করেন অভিযুক্ত দুই পুলিশ সদস্য।
অভিযোগ উঠেছে, কনস্টেবল আশরাফ এএসআই ইলিয়াসের সরাসরি যোগসাজশে আসামিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দীর্ঘ সময় দরকষাকষির পর মিতু আক্তার কানের দুল বন্ধক রেখে ৫০ হাজার টাকা তুলে দেন কনস্টেবল আশরাফের হাতে পরে মাদকসেবী শ্যামলকে ঘটনাস্থল থেকেই ছেড়ে দেওয়া হয়।
আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের এমন অপকর্মে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকেরা।