July 26, 2026, 3:27 pm

দেওয়ানগঞ্জে রাস্তা কেটে বিচ্ছিন্ন গোটা গ্রাম, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রায় ৩০ বছরের পুরোনো একটি চলাচলের কাঁচা রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫০০ পরিবারের প্রায় ২ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝাউডাঙ্গা গ্রামের মো. মনিরের বাড়ি থেকে ফজল হাজীর বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এলাকাবাসীর প্রধান যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই রাস্তা দিয়েই স্থানীয়রা কাটাখালী বাজার হয়ে রহিমপুর হাইওয়ে সড়কে যাতায়াত করেন। এ ছাড়া শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া, কৃষিপণ্য পরিবহন, রোগী বহনসহ দৈনন্দিন নানা কাজে রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এলাকাবাসীর অভিযোগ, দুই পরিবারের পারিবারিক বিরোধের জেরে একই গ্রামের মো. জিয়াদুল ইসলাম ও তাঁর ছেলে মো. বিপুল মিয়া তাঁদের বাড়ির সামনে প্রায় ৫০ মিটার রাস্তা কেটে ফেলেন। এতে পুরো এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, মানুষের চলাচলের সুবিধার্থে পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া ২০২৫-২৬ অর্থবছরে রাস্তাটির সংস্কারও করেছিলেন। কিন্তু ব্যক্তিগত বিরোধের কারণে রাস্তা কেটে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. খোরশেদ আলম বলেন, “ছোটবেলা থেকেই আমরা এই রাস্তা দিয়ে চলাচল করছি। দুই পরিবারের বিরোধের কারণে এভাবে একটি জনসাধারণের রাস্তা কেটে দেওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।” এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা