সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগিপোতা গ্রামে জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিক নির্মাণ এবং সাইক্লোন শেল্টার কাম স্কুল প্রতিষ্ঠাসহ ১৭ দফা দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার দুপুরে যুগিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুগিপোতা উন্নয়ন সংগঠনের বার্ষিক সাধারণ সভায় স্থানীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের কাছে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সদস্য সিমা মণ্ডল ও চম্পা মণ্ডল।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে গ্রামের নিচু এলাকা সাত থেকে আট মাস পর্যন্ত পানিতে ডুবে থাকে, যা কৃষিকাজে বাধা সৃষ্টি করে। পানি নিষ্কাশনের জন্য স্থানীয় উদ্যোগে কিছু ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী সমাধানের জন্য শিবেরডাঙ্গী খাল খননের দাবি জানিয়েছেন তাঁরা।
যুগিপোতা উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, খালটি সংস্কার না হলে বর্ষায় জলাবদ্ধতা অব্যাহত থাকবে। স্থানীয়দের ১৭ দফা দাবির মধ্যে রয়েছে—শিবেরডাঙ্গী খাল খনন, সুপেয় পানির প্ল্যান্ট স্থাপন, রাস্তা সংস্কার এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি।
এছাড়া, ২০১৪ সালে কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য জমি দেওয়া হলেও এখনো সেখানে ক্লিনিক নির্মাণ হয়নি বলে জানান চম্পা মণ্ডল। স্থানীয় উন্নয়ন সংগঠনটি ২০১৪ সালে ১৭৬টি পরিবার নিয়ে গড়ে ওঠে এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।
সভায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, এলাকার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনা করে উন্নয়নকাজ করার চেষ্টা করবেন। তিনি জলাবদ্ধতার জন্য বাড়িঘর নির্মাণ বা বাঁধ দেওয়ার প্রবণতাকে দায়ী করেন।