লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা সমমূল্যের বিপুল পরিমাণ ইউএস ডলারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ ইং তারিখে লালমনিরহাট সদর থানার ইন্সপেক্টর শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ তিস্তা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় কুড়িগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করতে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ১১টি বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ডলারের মধ্যে ১০০ ও ৫০ মূল্যমানের ইউএস ডলারের নোট ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় মোট ১ লাখ ৫৬ হাজার ৩০০ ইউএস ডলার, যার বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ লিখন মিয়া (২৩)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোষপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় “ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট” এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়,এ-ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।