মোহাম্মদ আসাদ,স্টাফ রিপোর্টার :
জামালপুরের মেলান্দহে ভয়াবহ বৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। এর আগে ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে মা ও দুই মেয়ে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ বৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছ উপড়ে বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে তারা তিনজনই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
রাতে ঘটনাটি ঘটলেও সকালে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয় এবং গাছ সরিয়ে মরদেহ বের করে আনে।