রংপুর নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় জুয়েল হোসেন নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) সকাল ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত জুয়েল নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। জুয়েল হোসেন কেল্লাবন্দ এলাকার বাসিন্দা এবং বর্তমানে আদর্শপাড়ায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।
দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, টার্মিনাল থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন জুয়েল হোসেন। চলন্ত অবস্থায় মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরীত দিকে পড়ে যায়। এ সময় চলন্ত একটি অজ্ঞাত বাসে চাপা পড়ে জুয়েল। স্থানীয়দের মতে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিয়াজুল হক সাগর, রংপুর