April 17, 2026, 10:49 am

মার্কিন অবরোধ ভেঙে গন্তব্যের পথে ইরান-সংশ্লিষ্ট চার জাহাজ

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ অতিক্রম করে ইরান-সংশ্লিষ্ট চারটি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় চলাচল করছে বলে জাহাজ ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে। এ খবর দিয়েছে বিবিসি।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টায় অবরোধ কার্যকর হওয়ার পর থেকে এসব জাহাজ ধাপে ধাপে অবরোধ রেখা অতিক্রম করে।

ট্র্যাকিং তথ্যে দেখা যায়, আজারগুন ইরানের শাহিদ রাজি বন্দর থেকে যাত্রা করে বিকেল ৪টার দিকে অবরোধ রেখা অতিক্রম করে এবং বর্তমানে ভারতের কান্ডলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

আশকান-৩ পূর্ব ইরানের চাবাহার বন্দর থেকে ছেড়ে এসে বর্তমানে করাচির সমুদ্রসীমায় অবস্থান করছে। একই বন্দর থেকে যাত্রা করা শাবদিস গতকাল রাত ৯টার দিকে অবরোধ অতিক্রম করে বর্তমানে ভারতের কেরালা উপকূলের কাছে রয়েছে এবং এটি চীনের ঝুহাই বন্দরের দিকে যাচ্ছে বলে জানানো হয়েছে। অন্যদিকে তাভা-৪ বন্দর ইমাম খোমেনি থেকে ছেড়ে ভারতের জওহরলাল নেহরু বন্দরের দিকে এগোচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এসব তথ্য মূলত জাহাজগুলোর স্ব-প্রদত্ত ট্র্যাকিং সিগন্যালের ওপর নির্ভরশীল। তারা সতর্ক করে বলেছেন, কিছু ক্ষেত্রে জাহাজ তাদের প্রকৃত অবস্থান গোপন রাখতে ট্র্যাকিং সিস্টেম বন্ধ করতে পারে বা ভুয়া অবস্থান দেখাতে পারে, যাকে স্পুফিং বলা হয়।

এদিকে এক সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন বলেন, যুক্তরাষ্ট্র এখনো অবরোধ কার্যকর রেখেছে। তবে এই জাহাজগুলো কীভাবে অবরোধ অতিক্রম করল, সে বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে অতিরিক্ত কোনো মন্তব্য করা হয়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা