কুড়িগ্রামের নাগেশ্বরীতে মসজিদের অবকাঠামো উন্নয়নের জন্য টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুয়া মসজিদ কমিটি ও জাল সিল তৈরি করে সরকারি অর্থ উত্তোলন করে তা আত্মসাৎ করার চেষ্টা চালান ইউনিয়ন পরিষদের সদস্য আপতার আলী।
মসজিদ কমিটির সদস্যরা জানান, নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চিলমারী জামে মসজিদে ২০২৫–২৬ অর্থবছরে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের মাধ্যমে ২ লাখ ৫৩ হাজার টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের বিষয়টি মসজিদ কমিটির কাউকে না জানিয়ে সেই টাকা আত্মসাতের চেষ্টা চালান উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আপতার আলী।
মসজিদ কমিটির সদস্যরা আরও জানান, বরাদ্দের বিষয়টি জানতে পারলে পরে মসজিদে ৪০ হাজার টাকা দেন ইউপি সদস্য।
মসজিদের খতিব নুরনবী আলী বলেন, আপতার মেম্বারকে টাকার বিষয়ে বলায় তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি আরও বলেন, ‘এই ৪০ হাজার টাকাও না নিলে আমি অন্যখানে দেবো। আপনারা কী করতে পারবেন?’
মসজিদের ইমাম আলহাজ সাইদুর রহমান সরকার জানান, তিনি একজন ব্যক্তির কাছে শুনেছেন এই মসজিদের নামে আড়াই লাখ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে ৫০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে, বাকি ১০ হাজার টাকা পরে দেওয়ার কথা বলা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আপতার আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে এবং ফাইনাল বিলও উত্তোলন করেছেন। ৪০ হাজার টাকা কেন দিয়েছেন জানতে চাইলে তিনি জানান, বাকি টাকা অফিস খরচ হয়েছে। কোন অফিসে খরচ হয়েছে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে মুঠোফোন কেটে দেন।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। মসজিদের নাম-ঠিকানা হোয়াটসঅ্যাপে পাঠালে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: